
মোঃ নয়ন শেখ, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা গেটের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রইসুল ইসলাম, বাংলাদেশ তাঁত বোর্ডের জেনারেল ম্যানেজার (জিএম) মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা।
দিবসটি উপলক্ষে মোটরযান চালক, মোটরসাইকেল চালক, যানবাহনের মালিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং পথচারীদের নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পার হওয়ার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


