
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দিনব্যাপী নানা বর্ণাঢ্য ও সেবামূলক কর্মসূচির আয়োজন করেছে কুষ্টিয়া জেলা যুবদল। আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, দুস্থদের মাঝে সেবা প্রদান এবং শহরে বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদ্যাপিত হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সেখানে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের চিকিৎসা সেবা দিতে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
পরবর্তীতে কুষ্টিয়া পৌরসভা বিজাউলাস চত্বর থেকে যুবদলের ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। শত শত নেতাকর্মীর সমাগমে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।
র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। যুবদলের অতীত সংগ্রাম ও আগামীর আন্দোলনের গুরুত্ব তুলে ধরে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া শহর বিএনপির সাধারন সম্পাদক কামাল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির নেতা ইসমাইল হোসেন মুরাদ, জাহিদুল ইসলাম বিপ্লব।
সমাবেশ ও র্যালীদে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটির সুযোগ্য সভাপতি ফুয়াদ রেজা ফাহিম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র ঘোষিত কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সভাপতি পদে ফুয়াদ রেজা ফাহিম এবং সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমান জনি দায়িত্ব লাভ করেছেন। নবগঠিত এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে কুষ্টিয়ায় যুবদলের সাংগঠনিক ভিত আরও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতা-কর্মীরা।
দিনব্যাপী এ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা বিএনপি, যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া আনসারী মিলন, যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, জব্বার মিলন, সাংগাঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি, দফতর সম্পাদক আশরাফুল ইসলাম অনিক। এছাড়াও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


