আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা দুটি করে মোট চারটি নতুন বই পাবে। চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’, আর ষষ্ঠ শ্রেণিতে ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) পৃথক দুটি সভায় বইগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রাথমিকের এনসিসিসি চতুর্থ শ্রেণির এবং মাধ্যমিকের এনসিসিসি ষষ্ঠ শ্রেণির বই দুটি অনুমোদন করে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, দেওয়া পরামর্শ অনুযায়ী সোমবারের মধ্যে পরিমার্জন করে বইগুলো চূড়ান্ত করা হবে।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Press Information Department / Wikimedia Commons (Public domain)


