মাত্র আড়াই থেকে তিন কোটি টাকা বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরাল্লি’ বক্স অফিসে আয় করেছে ১১০ কোটি টাকা। অথচ ছবিটি মুক্তি দিতে একসময় প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছিল নির্মাতাদের।
কেউ বিনিয়োগে রাজি হননি, মুক্তির দিনও শেষ মুহূর্তে কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শনী বাতিল হয়েছিল। সেই ছবিই এখন কন্নড় চলচ্চিত্রের অন্যতম বড় ব্যবসায়িক চমক।
ইন্ডিয়ান এক্সপ্রেসের বিনোদন সাময়িকী স্ক্রিন-কে দেওয়া সাক্ষাৎকারে ছবির চিত্রগ্রাহক রাজকান্ত এস কে জানিয়েছেন, এক প্রভাবশালী প্রযোজককে তিনি আগেই সতর্ক করে বলেছিলেন, ছবিটি ফিরিয়ে দিলে একদিন অনুতাপ করতে হবে।
রাজকান্তের ভাষ্য, ছবিটি আলোচনায় আসার পর সেই প্রযোজকই পরিচালকের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিতে তাঁকে ফোন করেন। তাঁর দাবি, একসময় যাঁরা ছবিটিতে অর্থ লগ্নি করতে চাননি, তাঁদের অনেকেই এখন অনুতপ্ত।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Sdkb / Wikimedia Commons (CC BY-SA 4.0)


