নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
রাজধানী প্যারিস ছাড়াও লিঁও, নিস ও তুলুজসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। পুলিশের হিসাবে, শুধু প্যারিসেই এক লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। দেশজুড়ে প্রায় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে গত মাসে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি নানা পরিষেবার সংকট নিয়ে অসন্তোষ থেকে শ্রমিকসংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ আন্দোলনে যুক্ত হন।
১৭ অক্টোবর বিক্ষোভ ব্যাপক সহিংসতায় রূপ নেয়; বিভিন্ন শহরে ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটে এবং কর্তৃপক্ষ কারফিউ জারি করে। তবে দাবি আদায় না হওয়ায় ছাত্রসংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
তথ্যসূত্র: প্রথম আলো
ছবি: Jules* / Wikimedia Commons (CC BY-SA 4.0)


