পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় পানির স্রোতে নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ধসে দুর্ভোগে পড়েছে কয়েক ইউনিয়নের মানুষ।
গতকাল (১৭ এপ্রিল) শুক্রবার বিকালে উপজেলার সরিষা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা মোড় এলাকায় নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়ক ধসে যাওয়ায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে পাংশা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের। এতে চরম দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের কয়েক ইউনিয়নের মানুষ। বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলী।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। ২০২৪ সালে কাজ শেষ করার কথা ছিলো। কিন্তু ধীর গতিতে কাজ হওয়ায় তা এখনো শেষ হয়নি। ব্রিজটির নির্মাণ কাজ চলমান থাকায় যাতায়াতের জন্য একটি বিকল্প সড়ক করা হয়। পানির স্রোতে রাস্তাটি প্রায়ই ভেঙে যায়। ফলে যানবাহন নিয়ে পাংশা শহরে যেতে ভোগান্তিতে পড়তে হয় উপজেলার সরিষা, পাট্টা ও কসবামাজাইল ইউনিয়নসহ কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের মানুষ। এছাড়াও এই সড়ক দিয়ে নাদুরিয়া ঘাট পার হয়ে ঝিনাইদহ, মাগুরা ও যশোর জেলায় যাতায়াত করেন সাধারণ মানুষ। গতকাল সড়কটি ধসে যাওয়ায় নির্মাণাধীন ব্রিজটির কাজ দ্রুত সম্পন্ন করার দাবি তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা বলেন, বিষয়টি জানতে পেরে সাথে সাথেই উপজেলা প্রকৌশলীকে অবগত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। আশা করি দ্রুতই এর একটা সমাধান হবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার খোয়াজুর রহমান বলেন, ২০২৪ সালে কাজটি সম্পন্ন করার কথা ছিলো। সেতুর ডিজাইন ও ঠিকাদার জটিলতায় নির্মাণ কাজ পিছিয়ে গেছে। তবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আজকের মধ্যে বিকল্প সড়কটি সংস্কার করে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিজটি দিয়ে যাতে গাড়ি চলাচল করতে পারে সে ব্যবস্থাও করে দেওয়া হবে।


