চীনের উপহারে হাসপাতাল: রংপুরে তিস্তার চরে জমি পরিদর্শন

চীনের উপহারে হাসপাতাল: রংপুরে তিস্তার চরে জমি পরিদর্শন

স্বাস্থ্য
শেয়ার করুন:
প্রকাশ: হালনাগাদ:

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | পাংশাসংবাদ.কম

রংপুর: চীনের পক্ষ থেকে উপহারস্বরূপ তাদের অর্থায়নে একটি হাসপাতাল নির্মাণের জন্য রংপুরে তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চল পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করেন হাসপাতাল নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা এবং ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ অন্যান্যরা।

পরিদর্শনকালে তারা চর কলাগাছিতে থাকা ১০০ একর সরকারি খাস জমির মধ্যে হাসপাতাল নির্মাণের জন্য ২০ একর জমি ঘুরে দেখেন। পরবর্তীতে চীনা কর্তৃপক্ষ এই এলাকা পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্ধারণ করবে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, হাসপাতাল নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিস্তা নদীর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করছে। এরই ধারাবাহিকতায় চীনা প্রতিনিধি দল গঙ্গাচড়ার একটি চরাঞ্চল পরিদর্শন করেছে। গঙ্গাচড়ায় আধুনিক মানের একটি হাসপাতাল নির্মিত হলে নদীভাঙন কবলিত এলাকার মানুষসহ উত্তরবঙ্গের বিশাল সংখ্যক জনগোষ্ঠী উপকৃত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, ভারত যেদিন চিকিৎসা ভিসা বন্ধ করেছে, সেদিনই বাংলাদেশের চিকিৎসাখাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে চীনা কর্তৃপক্ষ রংপুর বিভাগে বিশ্বমানের ১০০০ শয্যার একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা করেছে। ভৌগোলিক অবস্থান ও বিভাগীয় সদর দপ্তর বিবেচনায় রংপুর জেলায় এই হাসপাতাল স্থাপন এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে চীন রংপুরে এক হাজার শয্যার একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতালটি উপহার হিসেবে দিচ্ছে দেশটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, হাসপাতালটি তিস্তা প্রকল্প এলাকার কাছে নির্মিত হবে। গত রোববার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।