পাংশা সংবাদ ডেস্ক: পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে সরকারি সার বিতরণের সময় হট্টগোলের পর একটি ডিলার পয়েন্ট থেকে ৬১১ বস্তা সার লুট হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ভোর থেকেই বিপুলসংখ্যক কৃষক সার নিতে লাইনে দাঁড়ান। একই ইউনিয়নের অন্য দুটি বিতরণ পয়েন্টে সার শেষ হয়ে যাওয়ায় সেখানকার কৃষকেরাও এই পয়েন্টে এসে ভিড় করেন। লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে রাখা সার নিয়ে যান।

কৃষি বিভাগের হিসাবে, ওই পয়েন্টে ইউরিয়া, এমওপি ও ডিএপি মিলিয়ে ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। গোলমালের আগে কিছু সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। ঘটনার পর ঘরে ৪০০ বস্তা পাওয়া যায়; বাকি ৬১১ বস্তার হিসাব মিলছে না।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ইউএনও জানান, এলাকায় সারের কোনো সংকট নেই। যাঁরা সার নিয়ে গেছেন, তাঁদের তা ফেরত দিতে অথবা সমপরিমাণ দাম ডিলারকে পরিশোধ করতে মাইকিং করা হয়েছে; নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি বিভাগের উপপরিচালক জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে। ওসি বলেছেন, আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ছবি: Kopiersperre / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: চাটমোহর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ; গণমাধ্যম সূত্র।


