পাংশা সংবাদ ডেস্ক: ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান সভায় সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন পুলিশ সুপার আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মোহা. আব্দুর রাজ্জাক বাচ্চু এবং কুমারখালী শিল্পকলার সাধারণ সম্পাদক কে এম আলম। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা উনিশ শতকের বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেনের অবদানের কথা তুলে ধরেন। তাঁদের মতে, যে সময়ে মুসলিম সমাজ থেকে সাহিত্যচর্চাকারীর সংখ্যা ছিল হাতে গোনা, সে সময়ে তিনি নিজের লেখনী দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কারবালার ঘটনা অবলম্বনে লেখা তাঁর উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’ আজও ধর্ম-বর্ণ নির্বিশেষে পাঠকের কাছে সমাদৃত বলে মন্তব্য করেন তাঁরা।
সভায় জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক সিদ্ধান্ত ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
ছবি: Ifteebd10 / Wikimedia Commons (CC BY-SA 4.0) — ফাইল ছবি। তথ্যসূত্র: বাসস


