কুষ্টিয়া-ঝিনাইদহসহ চার জেলার ২৯ বাঁওড়ে মাছ বাড়াতে ৪৭ কোটির প্রকল্প

কুষ্টিয়া-ঝিনাইদহসহ চার জেলার ২৯ বাঁওড়ে মাছ বাড়াতে ৪৭ কোটির প্রকল্প

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গা—দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই চার জেলার ২৯টি বাঁওড়ে মাছের উৎপাদন বাড়াতে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে মৎস্য অধিদপ্তর। এতে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৫৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব বাঁওড়ে মাছের উৎপাদন অন্তত ১০ শতাংশ বাড়বে বলে আশা করছে সরকার।

‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা’ নামের প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রায় ১৫ বছর পর এ অঞ্চলের বাঁওড় বা মরা নদী ঘিরে এ ধরনের উদ্যোগ নেওয়া হলো।

জলাশয়ে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা
ছবি: Amdadphoto / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

পরিকল্পনা অনুযায়ী, পলি জমে ভরাট হয়ে যাওয়া বাঁওড়ের অংশবিশেষ খননে প্রায় ১১ কোটি ২২ লাখ টাকা, ২৯টি বাঁওড়ে দেশি মাছের অভয়াশ্রম গড়তে ২ কোটি ৩২ লাখ টাকা এবং ৩৫টি পোনা উৎপাদন পুকুর সংস্কারে ১ কোটি ৭৩ লাখ টাকার বেশি খরচ হবে। ছয়টি গভীর নলকূপ বসানো, খামার যান্ত্রিকীকরণ, ছয়টি জরাজীর্ণ বাঁওড় ব্যবস্থাপক কার্যালয় পুনর্নির্মাণ, পাঁচ বছরে ২৯০টি বিল নার্সারি স্থাপন এবং রুইসহ দেশি মাছের পোনা অবমুক্তির জন্যও আলাদা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, অভয়াশ্রম এলাকায় মাছ ধরা নিয়ন্ত্রিত থাকবে, যাতে প্রাকৃতিক প্রজনন বাড়ে। বর্ষায় সেই মাছ আশপাশের নদী ও বিলে ছড়িয়ে পড়লে স্থানীয় জেলেরাও লাভবান হবেন।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের ভাষ্য, অনেক বাঁওড় অগভীর হয়ে পড়ায় মাছের আবাস নষ্ট হচ্ছে। প্রকল্পের আওতায় বাঁওড়ের প্রকৃত মৎস্যজীবীদের হালনাগাদ তালিকাও করা হবে, কারণ নব্বইয়ের দশকে গড়া মৎস্যজীবী সমিতিগুলোর সদস্যতালিকা দীর্ঘদিন হালনাগাদ হয়নি।

ছবি: Amdadphoto / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।