পাংশা সংবাদ ডেস্ক: হরমুজ প্রণালীতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (১৪ নভেম্বর) ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বাহিনীটির নৌ শাখা এ তথ্য জানায়।
বিবৃতিতে দাবি করা হয়, জাহাজ দুটি রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে অনুমতি ছাড়াই নির্ধারিত পথের বাইরে দিয়ে গোপনে প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। তখন মাইনে আঘাত লেগে বিস্ফোরণ ঘটে। জাহাজ দুটির একটি বিপুল পরিমাণ তেল বহনে সক্ষম সুপারট্যাংকার বলে উল্লেখ করেছে আইআরজিসি। তবে জাহাজগুলোর নাম বা হতাহতের বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান। প্রণালী দিয়ে যেতে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে বলে দাবি করে আসছে দেশটি, এবং এ নির্দেশ না মানা জাহাজে হামলাও চালিয়েছে।
এর আগে শুক্রবার একটি জাহাজ থেকে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ওঠার ভিডিও প্রকাশ করে আইআরজিসি। তাদের দাবি, তরলীকৃত গ্যাসবাহী ওই জাহাজটি প্রণালীর দক্ষিণাংশে মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, হরমুজ প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে তারা মাইন সরিয়ে ফেলেছে।
ছবি: H-Karimi / Wikimedia Commons (CC BY 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।


