
ভাংবাড়ীয়ায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক
মোস্তাফিজুর রহমান:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ফেরিঘাট মোড়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে ফেরিঘাট মোড়ে অবস্থিত আব্দুল্লাহর সবজি আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি ও নিষিদ্ধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং জেলা শাখার নৌকা মঞ্চের সভাপতি কাওসার আহমেদ বাবলু (৬২), পিতা মৃত সুলতান বিশ্বাস; রেজাউল করিম, পিতা মৃত ইকতার মন্ডল; আসমত উল্লা মোল্লা ওরফে সুজন মেম্বার, পিতা আবুছদ্দিন মোল্লা, আমারত আলী, পিতা মৃত ইছাহাক প্রামাণিক; আজিজুল হক, পিতা মিরাজ উদ্দিন মন্ডল; আকতার আলী এবং মিনারুল ইসলাম, পিতা মসলেম মোল্লা।
আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন ভাংবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা। অপরদিকে আজিজুল হকের বাড়ি ভোগাইল বগাদী গ্রামে বলে জানা গেছে।তবে আাঃলীগ ক্ষমতা থাকা কালে সুজন মেম্বারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের ও শহীদ মেজর বজলুল হুদার কবর ভাঙ্গার অভিযোগ রয়েছে।
পুলিশের এ অভিযানে সাতজন আটকের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


