বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, ফি বেঁধে দিয়ে নীতিমালা জারি

বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, ফি বেঁধে দিয়ে নীতিমালা জারি

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির শিক্ষার্থী বাছাই হবে লটারিতে, আর দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে ভর্তি নেওয়া হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। এমন বিধান রেখে মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন শিক্ষার্থী ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ করাই এর উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে ২০২৭ সালের ১ জানুয়ারি শিশুর বয়স ৬ বছরের বেশি ও ৭ বছরের কম হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিল করা যাবে। ওপরের শ্রেণিগুলোর লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি ও গণিতে।

রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক
পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: Anup Sadi / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

খরচের ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফরমের দাম সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা। সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বলে ৫০০ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদরের পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। ঢাকা মহানগরের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এই সীমা ৫ হাজার টাকা; আংশিক এমপিওভুক্ত ও এমপিওর বাইরের প্রতিষ্ঠানে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি মিলিয়ে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা। উন্নয়ন খাতে কোথাও ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না।

আসন সংরক্ষণের বিষয়েও নির্দেশনা আছে। ঢাকা মহানগরের বেসরকারি স্কুলে আশপাশের ক্যাচমেন্ট এলাকার শিশুদের জন্য ৪০ শতাংশ আসন রাখতে হবে, বাকি আসন সবার জন্য উন্মুক্ত। পাশাপাশি মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ২ শতাংশ, এতিমখানার শিশুদের জন্য ১ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কর্মীদের সন্তানদের জন্য ২ শতাংশ, সহোদর ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং যমজদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

নির্ধারিত ফি বা নিয়ম ভেঙে কোনো প্রতিষ্ঠান বাড়তি টাকা নিলে সেটির এমপিও বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় সতর্ক করা হয়েছে।

ছবি: Anup Sadi / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।