
কুমারখালীতে নাশকতা মামলায় আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭
কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার মামলায় গ্রেপ্তার ছয়জনসহ সাত আসামিকে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার নন্দলালপুর, শিলাইদহ, জগন্নাথপুর, সদকী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুহানুর রহমান সুমন (২১), পিতা তারেক হোসেন, সাং এলাঙ্গীপাড়া; মো. আবুল কালাম (১৭), পিতা আবুল কাশেম, সাং দয়রামপুর; আশিকুর রহমান (২০), পিতা হেলাল উদ্দিন শেখ, সাং পুরাতন চরাইকোল; রিজভী আহম্মেদ, পিতা জাহাঙ্গীর হোসেন, সাং পাথরবাড়িয়া; মেহেদী হাসান আকাশ, পিতা আব্দুল করিম, সাং খয়েরচারা এবং পারভেজ হোসেন, পিতা মনজের আলী, সাং মালিয়াট। এ ছাড়া অন্য একটি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় ছয়জনসহ মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


