মাগুরা-ঝিনাইদহকে রেলপথে যুক্ত করতে সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্প অনুমোদন

মাগুরা-ঝিনাইদহকে রেলপথে যুক্ত করতে সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্প অনুমোদন

সমগ্র বাংলাদেশ
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: এখনো রেলসংযোগের বাইরে থাকা মাগুরা এবং সরাসরি রেল যোগাযোগে পিছিয়ে থাকা ঝিনাইদহকে জাতীয় রেলনেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ঝিনাইদহ হয়ে মাগুরা থেকে দর্শনা-পোড়াদহ সেকশন পর্যন্ত রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আহসান জাবির জানিয়েছেন, সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ের এই সমীক্ষা প্রকল্পের জন্য এক মাসের মধ্যে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হবে। সমীক্ষার প্রতিবেদন হাতে আসার পর আট মাসের মধ্যে মূল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।

মাগুরা-ঝিনাইদহকে রেলপথে যুক্ত করতে সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্প অনুমোদন
পোড়াদহ জংশন রেলস্টেশন (ফাইল ছবি)। ছবি: মোঃ সাকিবুল হাসান / Wikimedia Commons (CC BY-SA 4.0)

তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, মূল রেলপ্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ১৭ কোটি টাকা। সমীক্ষা শেষে প্রথমে জমি অধিগ্রহণসহ প্রস্তুতিমূলক কাজ হবে, যাতে এক থেকে দেড় বছর লাগতে পারে। এরপর নির্মাণকাজ শুরু হবে; পুরো প্রকল্প শেষ হতে সময় লাগতে পারে পাঁচ থেকে ছয় বছর।

চলতি বছরের আগস্টে মন্ত্রণালয়ের তৈরি সম্ভাব্যতা যাচাই প্রকল্পের প্রস্তাবনায় (পিএফএস) মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ সেকশন পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নতুন ব্রডগেজ লাইনের কথা বলা হয়েছে। ঝিনাইদহ থেকে মোবারকগঞ্জ পর্যন্ত আরও ২১ কিলোমিটার সংযোগের সম্ভাবনাও যাচাই করা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছের গাড়াগঞ্জকে সম্ভাব্য স্টেশনের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সমীক্ষায় পরামর্শকেরা তিনটি বিকল্প পথ চিহ্নিত করে কারিগরি, আর্থিক, পরিবেশগত ও সামাজিক দিক বিবেচনায় সবচেয়ে উপযুক্ত রুটের সুপারিশ করবেন। দেশের সব জেলাকে রেলের আওতায় আনার বৃহত্তর পরিকল্পনার অংশ এই উদ্যোগ। রেলপথটি চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে এবং ঢাকা-খুলনাসহ বড় শহরগুলোর সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা সংশ্লিষ্টদের।

ছবি: মোঃ সাকিবুল হাসান / Wikimedia Commons (CC BY-SA 4.0) — পোড়াদহ জংশন রেলস্টেশন, ফাইল ছবি। তথ্যসূত্র: বাসস

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।