পাংশা সংবাদ ডেস্ক: ফরিদপুর শহরে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক মারা গেছেন। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত চালকের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। গণমাধ্যম সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের ভাষ্য, তিনি আগুনে দগ্ধ হননি; ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে তিনজন এসে বাসটিতে আগুন দেয়; তাদের একজন পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
একই রাতে গাজীপুরের কালিয়াকৈর, বগুড়ার শেরপুর ও মানিকগঞ্জেও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে খবর এসেছে।
ছবি: Hans Eiskonen / Wikimedia Commons (CC0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম


