পাংশা সংবাদ ডেস্ক: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও তাঁদের সমাজের মূলধারায় যুক্ত করতে দেশের ৬৪টি জেলার প্রতিটিতে একটি করে প্রতিবন্ধী স্কুল ধাপে ধাপে চালু করবে সরকার। রোববার (৮ নভেম্বর) ঢাকার ইস্কাটনে ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬’ উপলক্ষে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ পরিকল্পনার কথা জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ানোর মতো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের ঘাটতি রয়েছে; এ ধরনের প্রশিক্ষণের জন্য দেশে এখন সরকারি কলেজ আছে মাত্র একটি। তাই এই প্রশিক্ষণ দ্রুত বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক করার কথাও বলেন তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের বয়সসীমা বাড়ানোর প্রশাসনিক প্রক্রিয়া চলছে। বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও উদ্যোক্তাদেরও তাঁদের নিয়োগ দেওয়ার অনুরোধ জানান তিনি। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখাশোনার কারণে যেসব মা-বাবা কোনো পেশায় যুক্ত হতে পারেন না, তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কাজের উপকরণ দিয়ে স্বাবলম্বী করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, প্যারালিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্যের লক্ষ্যে সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে।
কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তিন শতাধিক পরিচর্যাকারী (কেয়ারার) অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ তৈরির দাবি জানান।
ছবি: Michel Claude / Wikimedia Commons (CC BY-SA 3.0 IGO) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


