পাংশা সংবাদ ডেস্ক: ইরানে অস্ত্র ও নিষিদ্ধ পণ্য ঢোকার স্থলপথগুলো কীভাবে ব্যাহত করা যায়, তা খুঁজে বের করতে ২০ সদস্যের একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর ফলে ইরানি বন্দরগুলোতে চলমান মার্কিন নৌ-অবরোধের পরিধি আরও বাড়বে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপির বরাতে খবরটি জানিয়েছে বাসস।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার দাবি করেন, এই উদ্যোগ অস্ত্র কারখানা নতুন করে গড়া, সামরিক সরঞ্জামের মজুত বাড়ানো এবং সন্ত্রাসে অর্থায়নের ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত করবে।

বিবৃতি অনুযায়ী, ফ্লোরিডায় অবস্থানরত বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত দলটি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর হয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারের প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত পণ্য ও অবৈধ অর্থের প্রবাহ বন্ধের উপায় খুঁজবে তারা।
দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে আট মাস ধরে। যুদ্ধের শুরুতেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান জাহাজ চলাচল সীমিত করলে জবাবে ইরানের বন্দরগুলোতে অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে যায়, ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। সেন্টকমের হিসাবে, অবরোধের কারণে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে।
ছবি: Sgt. Mallory S. VanderSchans, U.S. Marine Corps / Wikimedia Commons (Public domain) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস/এএফপি


