পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ী শহরের বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের চার দিন পর ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। কমিটিকে সরেজমিন তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শিশুটি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের বাসিন্দা। গত ২৬ অক্টোবর রাতে ওই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। চার দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় ভুলের অভিযোগ তোলা হয়, এ নিয়ে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য বিভাগ তদন্তের উদ্যোগ নেয়।

বুধবার (৪ নভেম্বর) সিভিল সার্জন ডা. এস এম মাসুদের সই করা অফিস আদেশে কমিটি গঠন করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন রাজবাড়ী সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মো. কামরুজ্জামান এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. প্রদীপ কান্তি পাল।
শুক্রবার (৬ নভেম্বর) সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, তা তদন্তে বেরিয়ে আসবে; প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: Kolforn / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র; সিভিল সার্জন কার্যালয়, রাজবাড়ী।


