পাংশা সংবাদ ডেস্ক: নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য আর গ্রামীণ ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে নড়াইলে বসছে দুই দিনের উৎসব। আগামী ৬ ও ৭ নভেম্বর সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া এলাকায় হবে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প’।
উৎসবের মূল আকর্ষণ নারীদের নৌকাবাইচ। ৭ নভেম্বর বিকেল ৩টা থেকে আফরা নদীতে প্রতিযোগিতায় নামবে ১৬টি নৌকা, আর বৈঠা থাকবে নারী প্রতিযোগীদের হাতে।

উৎসবে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক আয়োজন, যেখানে গ্রামবাংলার লোকজ ঐতিহ্যসহ নানা বিষয় তুলে ধরা হবে। এ ছাড়া দুই দিনই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ দেওয়া হবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসব বাস্তবায়ন করছে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। মঙ্গলবার রাতে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত জানান করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) গনী উল আজম। করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর ও অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাসসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য, পর্যটনে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করাই এ আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে নড়াইলের পর্যটন সম্ভাবনা দেশে-বিদেশে আরও পরিচিতি পাবে বলে আশা করছেন তাঁরা।
ছবি: A.K.M Monjurul Hoque Topu / Wikimedia Commons (CC BY 2.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।


