পাংশা সংবাদ ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও যাঁরা এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটে নাম তুলতে পারেননি, তাঁদের রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনতে নতুন করে আবেদন নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য গণবিজ্ঞপ্তি জারির ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে চিঠি দেয়। আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা এখনো চিকিৎসাধীন, কিন্তু গেজেটে নাম নেই—এমন ব্যক্তিরা এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

চিঠির তথ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৪২। আহতদের মধ্যে এ পর্যন্ত গেজেটভুক্ত হয়েছেন ‘ক’ শ্রেণিতে ৯৯০ জন, ‘খ’ শ্রেণিতে ১ হাজার ১৪ জন এবং ‘গ’ শ্রেণিতে ১১ হাজার ৯৬৪ জন। এর বাইরে উপজেলা ও জেলা পর্যায়ে আহতদের ৯৩১টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সরকারের শেষ কর্মদিবসে জেলা প্রশাসকদের নতুন আবেদন মন্ত্রণালয়ে না পাঠাতে বলা হয়েছিল। ফলে পরে স্থানীয় পর্যায়ে জমা পড়া আবেদনগুলো আর এগোয়নি।
নতুন আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার পক্ষে উপযুক্ত প্রমাণ জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই করে তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ছবি: ManikDas1122 / Wikimedia Commons (CC0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস


