পাংশা সংবাদ ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের মিনিস্ট্রি টার্ফ-২ মাঠে হবে ম্যাচটি।
মঙ্গলবার গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ চারে উঠেছে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে তাদের পয়েন্ট ছয়, নেট রান রেট ১.১৮৬। আসরে আগে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে এবং ভারতকে ৩ উইকেটে হারিয়েছিল দলটি।

অন্যদিকে গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এর আগে মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের যুবারা।
একই দিনে আল আমেরাতের টার্ফ-১ মাঠে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও গ্রুপ ‘বি’-র শীর্ষ দল আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে সবার শেষে সেমিফাইনাল নিশ্চিত করে গত আসরের রানার্সআপ ভারত।
ছবি: Acabashi / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।


