আফরা নদীতে নারী মাঝিদের নৌকাবাইচ, দুই তীরে হাজারো দর্শক

আফরা নদীতে নারী মাঝিদের নৌকাবাইচ, দুই তীরে হাজারো দর্শক

বিনোদন
শেয়ার করুন:
প্রকাশ:

পাংশা সংবাদ ডেস্ক: নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে আফরা নদীতে শনিবার (৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’। ১৬টি নৌকায় বৈঠা হাতে প্রতিযোগিতায় নামেন নারী মাঝি-মাল্লারা।

গ্রামীণ পর্যটনকে উৎসাহ দেওয়া এবং নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ আয়োজন করে। বিকেল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার। পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদীতে নৌকাবাইচে বৈঠা হাতে মাঝিরা
ছবি: Sohelchy07 / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি

প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে হাতিয়ারার ববিতা সরকারের নৌকা, তৃতীয় রীনা বিশ্বাসের এবং চতুর্থ মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাইচ দেখতে নড়াইল ছাড়াও যশোর, খুলনাসহ আশপাশের এলাকা থেকে মানুষ আসেন। নদীর দুই তীরে প্রায় দুই কিলোমিটার জুড়ে শিশু-কিশোর থেকে প্রবীণ—হাজারো দর্শকের ভিড়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এগারোখান এলাকায় ভিড় ছিল সবচেয়ে বেশি।

দর্শকদের অনেকে বলেন, নারী মাঝিদের অংশগ্রহণে এমন আয়োজন গ্রামের নারীদের এগিয়ে যেতে সাহস জোগাবে এবং নড়াইলের লোকজ ঐতিহ্যকে দেশ-বিদেশে আরও পরিচিত করবে।

ছবি: Sohelchy07 / Wikimedia Commons (CC BY-SA 4.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: গণমাধ্যম সূত্র (বাসস)।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার নাম ও মন্তব্য লিখুন। মন্তব্য যাচাইয়ের পর প্রকাশ করা হবে।