পাংশা সংবাদ ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রহমত হোসেন শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহমত বহরপুর ইউনিয়নের উত্তরপাড়া (বাইরচর) গ্রামের বাসিন্দা। তিনি ডাব, সুপারি ও নারকেল কেনাবেচার ব্যবসা করতেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে দক্ষিণপাড়ার একটি বাড়ি থেকে ৬০০ টাকায় সুপারি কিনে সেগুলো পাড়তে গাছে ওঠেন তিনি। একপর্যায়ে অসাবধানতায় নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরিবারে স্ত্রী এবং ১২ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে রয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে পরিবার ও এলাকায় শোক নেমে এসেছে।
ছবি: Afifa Afrin / Wikimedia Commons (CC BY-SA 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: স্থানীয় গণমাধ্যম।


