পাংশা সংবাদ ডেস্ক: চাকরির পেছনে না ছুটে তরুণদের দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজবাড়ী শহরের আলাদীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক আফরোজা পারভীন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জী।

প্রতিমন্ত্রী বলেন, তরুণেরাই দেশের সবচেয়ে বড় সম্ভাবনা। তাদের কাজে লাগাতে সরকার কারিগরি ও কর্মমুখী শিক্ষা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ নিয়ে তরুণেরা নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও উৎপাদনমুখী কাজে যুক্ত হওয়ার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে যুবকদের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী যুবকদের তৈরি পণ্যের প্রদর্শনী ও মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দিনটি উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।
ছবি: Afifa Afrin / Wikimedia Commons (CC BY-SA 3.0) — প্রতীকী ছবি। তথ্যসূত্র: বাসস।


